মেসি, তোমার জন্য
রোজারিওর সেই ছোট্ট ছেলেটার সাথে প্রথম ঠিক কবে পরিচয় হয়েছিল, আজ আর মনে পড়ে না। শুধু মনে পড়ে– দু'হাজার তেরোর শেষপ্রান্তে এসে, রোজারিও থেকে বহুদূরের কোনও দেশে দাঁড়িয়ে ফুটবলের ওমে সবেমাত্র স্নান করে নিচ্ছে রোগা একটি ছেলে এবং তার সামনে এসে দাঁড়াচ্ছে দশ নম্বরি একটি জার্সি। বার্সেলোনার নীল-লাল স্ট্রাইপের, পিঠে উজ্জ্বল তার নাম। মেসি। লিওনেল আন্দ্রেস মেসি। বার্সেলোনা, মেসি, আর্জেন্টিনা। চেনা এ কক্ষপথে সঙ্গী হওয়া হয়তো অস্বাভাবিক কিছু নয়। ফুটবল দেখার পরিধি আরও বৃদ্ধি পায়। মা বলেন, এ কী পাগলামি! মেসি ছুটে বেড়াচ্ছেন স্পেনীয় বিকেলে, রাতে। ছুটে বেড়াচ্ছেন ইউরোপিয়ান সার্কিটে। খবরের কাগজের কাটিংয়ে তার ছবি। জমিয়ে রাখতে রাখতে যা হারিয়ে একদিন গেলেও, স্মৃতিতে অমলিন হয়ে থেকে যায় আজীবন। এভাবে আসে দু'হাজার চোদ্দ'র ব্রাজিল। মাঠে আর্জেন্টিনা। অথচ দু'চোখ শুধু খুঁজে বেড়াচ্ছে তাকে, চিরায়ত দশ নম্বর। প্রথম ম্যাচে বসনিয়া, দ্বিতীয়ে ইরানের সাথে শ...